২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
টাচ নিউজ:দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৬ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন আরও ৯৪১ জন। রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১০ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ৯৯ হাজার ২০৭ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬১৯ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ৯৩ জন রয়েছে।হাসপাতালে রোগীর চাপও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১৫২ জন।
হামের বিস্তার নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সব টিকা সময়মতো সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।











