ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ৭:৪৫ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু

  • আপডেট: Wednesday, October 28, 2026 - 1:43 pm
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ : দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৮১৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে বিভাগটিতে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু আক্রান্ত ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন একজন। খুলনা বিভাগে নতুন করে ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন ২১৭ জন; এ বিভাগেও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ২০৫ জন রোগী ভর্তি রয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ঢাকা শহরসহ এ বিভাগে মারা গেছেন ১৯২ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।