ঢাকা | অক্টোবর ২৯, ২০২৬ - ৫:১৫ অপরাহ্ন

শিরোনাম

গার্মেন্টস শিল্পে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Thursday, October 29, 2026 - 10:20 am
  • পঠিত হয়েছে: 5 বার

টাচ নিউজ গার্মেন্টস শিল্পে মজুরিকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ (জি-এফওপি)। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মো. মির্জা আলী শামীম। মানববন্ধনে গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য আবাসন ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ জানায়, শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্য মজুরি নির্ধারণ এবং শ্রম আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করে সংগঠনটি।

এ ছাড়া নারী শ্রমিকদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের শিক্ষা ও চিকিৎসাসেবা, নিরাপদ কর্মসংস্থান এবং শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিও তুলে ধরা হয়।

সংগঠনটির অভিযোগ, গার্মেন্টস শ্রমিকদের মজুরি ইস্যুকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানায় তারা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন প্রতিশ্রুতিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ বলেছে, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখা জরুরি।

শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক-মালিকের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেয় সংগঠনটি। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।