ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম

জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: Saturday, October 31, 2026 - 2:44 pm
  • পঠিত হয়েছে: 3 বার

টাচ নিউজ :অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেছেন, সনদটির রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সিরিজ সেমিনারের ‘স্বাধীনতা- পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, তার কোনো সরাসরি আইনি ভিত্তি নেই। তবে এই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, তার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি। তিনি বলেন, সনদটি জনগণ গ্রহণ করেছে কি না এবং এর আইনি ভিত্তি কী হবে—তা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তখন বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়ার প্রয়োজন দেখা দেয়। সালাহউদ্দিন আহমদ আরও জানান, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না।’ পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলেও আদালত এ বিষয়ে দায়িত্ব নিতে আগ্রহী হয়নি বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আদালত থেকে বলা হয়েছিল, এটি রাজনৈতিক বিষয়; তাই রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।