ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম

কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করবে গামা ইরেডিয়েশন: কৃষিমন্ত্রী

  • আপডেট: Saturday, October 31, 2026 - 2:42 pm
  • পঠিত হয়েছে: 3 বার

টাচ নিউজ :কৃষিপণ্যের সংরক্ষণক্ষমতা বাড়ানো, জীবাণুমুক্তকরণ এবং গুণগত মান বজায় রেখে আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্য নিয়ে দেশে চালু হলো গামা ইরেডিয়েশন প্রযুক্তি। কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা স্টেশনে নবনির্মিত গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, গামা ইরেডিয়েশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্যের সংরক্ষণক্ষমতা বাড়ানো, জীবাণুমুক্ত করা এবং গুণগত মান অক্ষুণ্ন রাখা সম্ভব হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্য আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের আমের গুণগত মান ভালো। গামা ইরেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে এসব আমের সংরক্ষণক্ষমতা বাড়ানো ও জীবাণুমুক্ত করা গেলে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ আরও বাড়বে। মন্ত্রী আরও বলেন, সম্প্রতি চীন থেকে আসা একটি প্রতিনিধি দল বাংলাদেশের আম আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে কাঁঠালেরও ব্যাপক চাহিদা রয়েছে। তবে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। এ লক্ষ্য পূরণে গামা ইরেডিয়েশন সেন্টার সময়োপযোগী উদ্যোগ। কৃষিপণ্যের পচন ও অপচয় রোধ এবং কৃষকের উৎপাদিত পণ্যের সুরক্ষায় দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এ প্রযুক্তি স্থাপনে ব্যয় কিছুটা বেশি হলেও সময়ের সঙ্গে কেন্দ্রগুলোর কার্যকারিতা বাড়াতে হবে। একই সঙ্গে দক্ষ কারিগরি দল গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

কৃষির সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতির সম্পর্ক তুলে ধরে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘কৃষির অর্থনীতি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গামা ইরেডিয়েশন সেন্টার কৃষি খাতকে সহযোগিতা করবে।’ বিনার মহাপরিচালক ড. সারফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান এবং বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ডা. জিয়াওকুন শি।