ঢাকা | আগস্ট ২৩, ২০২৬ - ৮:০৬ অপরাহ্ন

শিরোনাম

র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • আপডেট: Sunday, August 23, 2026 - 11:44 am
  • পঠিত হয়েছে: 6 বার

স্পোর্টস ডেস্ক:আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে টাইগাররা।এতদিন ৯ম স্থানে থাকা বাংলাদেশ তিন ধাপ উন্নতি করে ৭৮ রেটিং নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে। বাংলাদেশের পেছনে ৭৬ রেটিং নিয়ে ৭ম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান ৭৫ রেটিং নিয়ে ৮ম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে ৯ম স্থানে রয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর এই সুখবর পেল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।তবুও সিরিজের সামগ্রিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

এর আগে ওয়ানডে ক্রিকেটে ২০১৭ সালে সর্বোচ্চ ৬ষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে ২০১২ সালে একবার ৪র্থ স্থানে জায়গা করে নিয়েছিল টাইগাররা।টেস্টে এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ৭ম স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে এবারই প্রথম টেস্ট র‍্যাঙ্কিংয়ের ৬ষ্ঠ স্থানে উঠল লাল-সবুজের দল।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডারউইনের জয়টি বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সেই জয়ের পর দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারলেও র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেছে টাইগাররা।