ঢাকা | অক্টোবর ১৯, ২০২৬ - ৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম

জাপানে কর্মী পাঠাতে নতুন চুক্তি বাংলাদেশের, নিয়োগ শুরু এপ্রিলে

  • আপডেট: Monday, October 19, 2026 - 12:16 pm
  • পঠিত হয়েছে: 6 বার

টাচ নিউজ:জাপানের সঙ্গে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নবিষয়ক সমঝোতা স্মারক (ইএসডিপি-এমওসি) স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। এ চুক্তির মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে অধিকার ও সুরক্ষা জোরদারের পথ তৈরি হবে বলে আশা করছে সরকার। গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ (ইএসডিপি-এমওসি) চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। প্রাথমিক মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি পাবে। ফলে চুক্তিটির সম্ভাব্য মোট মেয়াদ হবে ১০ বছর। চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং কর্মসংস্থানের মাধ্যমে কর্মীদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।বিশেষ করে, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী বিদেশি কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এ ধরনের কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যতামূলক বিধানও চুক্তিতে রাখা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে হস্তান্তর করা হবে।মন্ত্রণালয়ের আশা, এ চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ মানবসম্পদের অংশগ্রহণ বাড়বে এবং কর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।