ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম

দুর্গাপূজার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ: রাষ্ট্রপতি

  • আপডেট: Sunday, October 18, 2026 - 9:39 am
  • পঠিত হয়েছে: 9 বার

টাচ নিউজ:অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই শারদীয় দুর্গাপূজার মূল দর্শন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশে বারবার অন্যায়ের আবির্ভাব ঘটলেও এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পূজার সার্বিক সফলতা কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্যেই দুর্গাপূজার তাৎপর্য নিহিত রয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন সময় অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়। তিনি আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি। রমনা কালীমন্দিরের ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। পরে ১৯৭৩ সালে এটি পুরোপুরি ধ্বংস করা হয় বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনার জন্য ধর্মনিরপেক্ষতার কথা বলা রাজনৈতিক পক্ষের সমালোচনা করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, পরবর্তী সময়ে ২০০১ সালে গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় রমনা কালীমন্দির পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তখন থেকেই মন্দিরটিকে তার পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পূজার সফলতা কামনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারীদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস এবং সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে রমনা মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেন।