কোনোভাবেই কন্ট্রোলের দিকে যাওয়া যাবে না’: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থান থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কাজ হবে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করা, কোনোভাবেই কন্ট্রোল করা নয়।রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।’
নতুন দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা অনেক বড় একটা সুযোগ দিয়েছেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী।’সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরাকে মন্ত্রণালয়ের অন্যতম বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের যেসব বিষয় নিয়ে দেশের মানুষ গর্ব করে, সেসব ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব রাখার ওপর গুরুত্ব দেন।বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ১০০% এফোর্ট দিচ্ছি। ভুলত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে; কিন্তু নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং।’
জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন তিনি। আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।বাংলাদেশকে নতুন দিকে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়ার। সবচেয়ে বড় কথা, যে ড্যামেজগুলো হয়েছে সেগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় না হয়। আমরা যাতে আগামীতে ঠিক করে কাজ করি, সবাই মিলে ভালোভাবে টিমওয়ার্ক করি।’নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে রোববার সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
পরে সকাল সাড়ে ৯টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









