অভিনয়ের পাশাপাশি ব্যাংকার তমা মির্জা
টাচ নিউজ:‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্রে বেছে বেছে কাজ করলেও এবার নতুন পেশায় যুক্ত হয়েছেন তিনি। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী।অভিনয়ের বাইরে ব্যাংকিং পেশাকে নিজের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই।’
তবে ব্যাংকিং পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ছেন না তমা মির্জা। তার ভাষায়, ‘অভিনয়ই আমার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তাই অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন তমা। এর আগে ২০১৫ সালে ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। পরে অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় চিত্রনায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান তিনি।অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় অভিজ্ঞতা অর্জন করতে চান তমা। তবে তার কথায় স্পষ্ট—ব্যাংকিং পেশা নতুন অধ্যায় হলেও অভিনয়ই তার মূল ভালোবাসার জায়গা।










