ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম

নতুন মামলায় ফের গ্রেফতার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে

  • আপডেট: Wednesday, July 8, 2026 - 11:12 am
  • পঠিত হয়েছে: 4 বার

মানব কথা:আটটি মামলায় জামিন লাভের পরও কারামুক্তি মিলল না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। নতুন একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত তার মুক্তির পথ আবারও আটকে গেল। বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পুলিশের আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, এদিন খায়রুল হককে আদালতে সরাসরি হাজির করা হয়নি। তাকে ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত তাকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করেন। এদিকে নতুন মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন খায়রুল হকের আইনজীবীরা। বুধবার দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন অভিযোগ করে বলেন, একটি মামলায় জামিন পাওয়ার পরই আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। এর আগে আটটি মামলার পর এবার নবম মামলায় একই ঘটনা ঘটল। তিনি বলেন, “কবে মুক্তি মিলবে জানি না। আমরা যেন সেঞ্চুরি পূরণের অপেক্ষায় আছি।”

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। শুরুতে তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও পরবর্তীতে একের পর এক নতুন মামলায় গ্রেফতার দেখানো হয় বলে দাবি তার আইনজীবীদের। সবশেষ গত ৩০ জুন রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। তবে ওই আদেশের দুই দিনের মাথায় বনানী থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও মামলার মূল নথি আদালতে না থাকায় শুনানি পিছিয়ে বুধবার নির্ধারণ করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও হাতবোমা নিক্ষেপের ঘটনায় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ২০ নভেম্বর উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।