ঢাকা | জুন ২২, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • আপডেট: Monday, June 22, 2026 - 11:55 am
  • পঠিত হয়েছে: 4 বার

টাচ নিউজ:দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১২৫ শিশু, যার মধ্যে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হামে ও হামের উপসর্গে মোট ৬৮৩ শিশুর প্রাণহানি ঘটেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৯৩ হাজার ৭৫৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৭১ জনের হাম নিশ্চিত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৬ জনে। এ সময়ে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৪৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭৩ হাজার ৯৮৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৩৬ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।