ঢাকা | জুন ২০, ২০২৬ - ৮:৩১ অপরাহ্ন

শিরোনাম

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

  • আপডেট: Saturday, June 20, 2026 - 12:36 pm
  • পঠিত হয়েছে: 3 বার

টাচ নিউজ:দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৮৪ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের শরীরে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮০৭ জন। সব মিলিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা ৮৮৭। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩২৬ জন ঢাকা বিভাগের। এদের মধ্যে ৫১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।মৃত্যুর দিক থেকেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এখন পর্যন্ত এ বিভাগে মোট ৩০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৭ জন নিশ্চিত হামে এবং ২৪৭ জন হামের উপসর্গে মারা গেছে।এছাড়া রাজশাহী বিভাগে মোট ৮৯ জন, সিলেটে ৭৭ জন, চট্টগ্রামে ৫৯ জন, বরিশালে ৫৮ জন, ময়মনসিংহে ৫৫ জন, খুলনায় ২৭ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।