বৃহস্পতিবার-শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
টাচ নিউজ:এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটির এ কর্মসূচির কারণে দুই দিন সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার কেনাবেচা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম খান।সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, দেশের এলপিজি সিলিন্ডারের বাজার ও বিপণনব্যবস্থা মাত্র পাঁচটি কোম্পানির নিয়ন্ত্রণে জিম্মি হয়ে পড়েছে। এসব কোম্পানির মাধ্যমে একতরফাভাবে এলপিজির দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং বাজারে বিদ্যমান সমস্যার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। এর আগে গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়। তবে ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে অনেক জায়গায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে কোথাও কোথাও ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, এমনকি ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগের মধ্যে ব্যবসায়ীদের দুই দিনের বিক্রি বন্ধের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এ সময় সিলিন্ডার সংগ্রহে ভোগান্তিতে পড়তে হতে পারে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ঘোষিত কর্মসূচি কার্যকর হলে দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সরবরাহ ও বিক্রিতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।











