ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ৬:১৮ অপরাহ্ন

শিরোনাম

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছুটি, নতুন পরিপত্র জারি

  • আপডেট: Sunday, October 11, 2026 - 11:14 am
  • পঠিত হয়েছে: 6 বার

টাচ নিউজ:জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়। এর মধ্য দিয়ে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে। নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালন ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সরকারি ব্যয় সাশ্রয়, দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সীমিত পরিসরে দিবস পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে হবে। কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে সাধারণভাবে অনুষ্ঠানসূচি তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে যেন অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে, নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন হবে না—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন কিংবা কর্মদিবসে আয়োজন করা যাবে। কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে থেকে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে প্রাধান্য দিতে বলা হয়েছে। এ ধরনের দিবসগুলো একই তারিখে একত্রে পালন করতে হবে। প্রয়োজনে এ বিষয়ে সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে। নতুন পরিপত্রে উল্লেখিত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।