ঢাকা | নভেম্বর ১৯, ২০২৬ - ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে জামায়াতের কর্মসূচি ঘোষণা

  • আপডেট: Wednesday, November 18, 2026 - 11:53 am
  • পঠিত হয়েছে: 9 বার

টাচ নিউজ:দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, থানায় হামলা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে সকালে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মহাসড়কে সাম্প্রতিক সময়ে সহিংসতা, থানায় হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। একই সঙ্গে জামায়াতের সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর এবং দোকানপাটে অগ্নিসংযোগ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনার পেছনে সরকারের পরোক্ষ মদদ এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে এবং জনগণের জানমাল ও সরকারি স্থাপনা রক্ষায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হচ্ছে। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে জরুরি ভূমিকা নিয়ে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি। লিখিত ও মৌখিক বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘জুলাই সনদের’ পক্ষে রায় দিলেও বর্তমান সরকার সেই গণরায় অগ্রাহ্য করছে। গণরায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণেই দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, শ্রমিকদের দাবির পাশাপাশি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির উসকানিও এ অস্থিরতার পেছনে রয়েছে। শিল্প ও অর্থনীতি রক্ষায় মালিক-শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাঁর বক্তব্যে জুলাই সনদের গণরায় মেনে নেওয়ার ঘোষণা দেবেন বলে প্রত্যাশা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণরায় মেনে নেওয়া হলে রাজনৈতিক সংকট কেটে যাবে। বিরোধী দল হিসেবে জামায়াত সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।