ঢাকা | অক্টোবর ৫, ২০২৬ - ৮:২৩ অপরাহ্ন

শিরোনাম

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

  • আপডেট: Monday, October 5, 2026 - 1:49 pm
  • পঠিত হয়েছে: 3 বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের ফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি শেষে ডনের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘সিনেমার দৃশ্যের প্রয়োজনে ডন ভিলেন, বাস্তবে না। এ মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।’

জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা উল্লেখ করেন, সালমান শাহর মৃত্যুর দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা প্রতিবেদন ও রাসায়নিক প্রতিবেদন বিশ্লেষণ করলে তার মৃত্যু আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়। এ কারণে ডন জামিন পাওয়ার হকদার বলেও আবেদনে দাবি করা হয়।এর  আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়। পরে তার জামিন আবেদনও নাকচ করেন আদালত।

এর আগে গত ৯ আগস্ট রোববার সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা যায়, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।

১৯৯৬ সালে মৃত্যু সালমান শাহর

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরবর্তী সময়ে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।