চার বছর পর দর্শকদের সামনে রোশান-পূজার ‘সাইকো’
বিনোদন ডেস্ক:প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় চার বছর পর ওটিটিতে এসেছে জিয়াউল রোশান ও পূজা চেরী অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘সাইকো’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি সম্প্রতি দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। এর ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ না পাওয়া দর্শকদের জন্য ঘরে বসে দেখার সুযোগ তৈরি হয়েছে।সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছে দেশের একজন প্রভাবশালী মন্ত্রীর মেয়ে। বিশ্ববিদ্যালয়ের একটি জমকালো অনুষ্ঠান চলাকালে হঠাৎ অপহৃত হয় সে। ঘটনাটি ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। প্রথমদিকে ধারণা করা হয়, রাজনৈতিক বিরোধ কিংবা পুরোনো শত্রুতার জেরেই এই অপহরণের ঘটনা ঘটেছে।তবে তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একপর্যায়ে তদন্তের সঙ্গে যুক্ত হয় এক রহস্যময় যুবক। তার আচরণ ও কর্মকাণ্ডে দেখা যায় অস্বাভাবিকতার ছাপ। ফলে অপহরণের রহস্য আরও জটিল হয়ে ওঠে।
অপহরণের নেপথ্যের আসল ঘটনা কী এবং রহস্যময় যুবকের সঙ্গে এর সম্পর্কই বা কোথায়—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যায় সিনেমার কাহিনি। অ্যাকশন, রহস্য ও সাসপেন্সের পাশাপাশি গল্পে রয়েছে একাধিক টুইস্ট।রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও অপরাধের নানা দিকও সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সাইকো’। মুক্তির সময় সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। দীর্ঘ চার বছর পর ওটিটিতে মুক্তির মাধ্যমে আবারও আলোচনায় এসেছে সিনেমাটি।জিয়াউল রোশান ও পূজা চেরীর পাশাপাশি সিনেমাটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, সুব্রত ও ফারহান খান রিও।










