হাজিদের কষ্ট লাঘবে মিনায় সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস
টাচ নিউজ: বাংলাদেশি হজযাত্রীদের হজযাত্রা আরও নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে মিনায় হাজিদের জন্য গোসলখানা ও শৌচাগারের সুবিধা আরও উন্নত করার অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানান।হাজিদের সুবিধা বাড়ানোর আহ্বান: সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি আরবে আরও উন্নত সেবা নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে হাজিদের কষ্ট লাঘবের আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির আহ্বানের পরিপ্রেক্ষিতে সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহ্বান:
সাক্ষাতে বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থেকে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রপতি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
জনশক্তি রপ্তানিতে অগ্রাধিকার চাইলেন রাষ্ট্রপতি:
সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত থাকার বিষয়টি উল্লেখ করে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত জ্বালানি, সহায়তা ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করে মুসলিম উম্মাহর কল্যাণে তাদের ভূমিকার জন্য শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি এবং সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এটিই কোনো বিদেশি কূটনীতিকের প্রথম সাক্ষাৎ বলে জানানো হয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











