হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান
বিনোদন ডেস্ক:হাওর অঞ্চলের মানুষের জীবন, অপেক্ষা ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘জলপবন’। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে সুনামগঞ্জের হাওর এলাকায়। এতে কেন্দ্রীয় চরিত্র ‘নিরালা’ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন মডেল ও অভিনেত্রী রুনা খান।গত ১৫ আগস্ট থেকে সুনামগঞ্জের হাওর এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ চলছে। চলচ্চিত্রটির গল্পে হাওরপাড়ের মানুষের জীবন ও তাদের দীর্ঘ অপেক্ষার নানা দিক উঠে আসবে।
সিনেমাটি নিয়ে রুনা খান বলেন, ‘জলপবন’ মূলত অপেক্ষার গল্প। এতে তিনি ‘নিরালা’ চরিত্রে অভিনয় করছেন। হাওর অঞ্চলের মানুষের জীবনযাপন ও বাস্তবতার গল্প দর্শকদের সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি। তার বিশ্বাস, দর্শকরা একটি ভালো মানের চলচ্চিত্র উপহার পাবেন।‘জলপবন’-এর প্রধান দুটি চরিত্রে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন প্রাচ্যনাটের সদস্য সুশান্ত পৃথ্বীরাজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সামিউল হক। পাশাপাশি সিনেমাটিতে সুনামগঞ্জের স্থানীয় কয়েকজন অভিনয়শিল্পীও যুক্ত হয়েছেন। তাদের অনেকেই থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত।
এদিকে রুনা খান অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ এবং মাসুদ পথিকের ‘বক’ উল্লেখযোগ্য।২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ‘সিসিমপুর’-এ ‘সুমনা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুনা খানের অভিনয়যাত্রা শুরু হয়। এরপর ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০১৭ সালে ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।









