ঢাকা | আগস্ট ১৭, ২০২৬ - ৯:১৫ অপরাহ্ন

শিরোনাম

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

  • আপডেট: Monday, August 17, 2026 - 3:10 pm
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ: দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ শিশুর শরীরে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯১৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৮১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে হাম ও উপসর্গ নিয়ে ৯২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৭৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৩০ জনের। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক প্রতিবেদনে প্রতিদিনই হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর তথ্য উঠে আসছে। ফলে শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ও নজরদারি আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।