এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
টাচ নিউজ: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে আগামী ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফল প্রকাশের তারিখ নির্ধারিত হওয়ায় এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পদ্ধতিতে ফলাফল জানা যাবে।











