ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ৬:১৮ অপরাহ্ন

শিরোনাম

রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ

  • আপডেট: Thursday, November 12, 2026 - 11:56 am
  • পঠিত হয়েছে: 3 বার

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব প্রস্তাবের বিষয়ে সুপারিশ করা হয়। সভায় উপস্থাপিত পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, তিনটি উৎস থেকে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। প্রস্তাবিত উৎসগুলো হলো জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে। অন্যদিকে, আসন্ন রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোক্তাদের মধ্যে বিতরণের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমানোর প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও নীতিগত সুপারিশ করেছে কমিটি। ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। রমজানের আগে খেজুরের সরবরাহ নিশ্চিত করা, জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সংগ্রহ এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।