ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ৮:২৮ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার

  • আপডেট: Thursday, November 12, 2026 - 2:04 pm
  • পঠিত হয়েছে: 3 বার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে। কিন্তু রাজনীতিবিদদের বড় অংশ নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ-পদবি পাওয়ার পর জনস্বার্থের চেয়ে নিজেদের সুযোগ-সুবিধা আদায়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের আন্তরিকতা ও আগ্রহ সব সময় থাকে না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্পিকার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তব্যের শুরুতে দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ। দুর্নীতি প্রতিরোধে সংসদীয় ককাসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি। এ ক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। দুর্নীতির প্রসঙ্গ টেনে স্পিকার বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের (পিএস) বিরুদ্ধে শত শত কোটি টাকার সম্পদের অভিযোগের কথা উল্লেখ করেন। এ সময় বক্তব্যে ‘প্রধানমন্ত্রীর পিএস’ বলায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ এসেছে—এমন বিভ্রান্তি তৈরি হতে পারে বুঝতে পেরে রসিকতা করে বলেন, ‘আমার চাকরিটা গেছিল এখনই।’ পরে নিজের বক্তব্য সংশোধন করে আগের প্রধানমন্ত্রীর পিএসের প্রসঙ্গ বোঝাতে চেয়েছেন বলে স্পষ্ট করেন তিনি।

স্পিকার বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ককাসের প্রথম কাজই হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। এমনকি স্পিকার বা সংসদের অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তা তুলে ধরতে হবে। নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা তার ছিল না। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় তার বাবা পাকিস্তান আমলে সংসদ সদস্য ছিলেন উল্লেখ করে জিয়াউর রহমান তাকে নির্বাচনে অংশ নিতে বলেন।স্পিকার বলেন, তিনি তখন জিয়াউর রহমানকে জানিয়েছিলেন, রাজনীতি করার কোনো ইচ্ছা তার নেই। ওই সময় আরও দুজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল এবং তারা দুজনই পরে মন্ত্রী হয়েছিলেন। তবে তিনি নিজে তখন রাজনীতিতে আসতে চাননি। শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাসে রাজনীতিতেই যুক্ত হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।রাজনীতির অঙ্গনে কাজ করাকে কঠিন উল্লেখ করে স্পিকার বলেন, যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে রাষ্ট্র ও সমাজ কীভাবে পরিচালিত হয়, তা পুরোপুরি বোঝা কঠিন।

দেশের পিছিয়ে থাকার জন্য রাজনীতিবিদদের দায়ী করে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো সুবিধাবঞ্চিত। এর জন্য রাজনীতিবিদরাই প্রধানত দায়ী। প্রায়ই আমলাদের দোষারোপ করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। তিনি বলেন, একসময় প্রশাসনিক কর্মকর্তারা রাজনীতিবিদদের তুলনায় বেশি ক্ষমতাশালী ছিলেন। তবে আশির দশকের পর থেকে রাষ্ট্র ও সমাজ পরিচালনার প্রধান নিয়ন্ত্রণ ধীরে ধীরে রাজনীতিবিদদের হাতে চলে আসে। এখন শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতিই নন, গ্রামাঞ্চলের রাজনৈতিক দলের সাধারণ কর্মীরাও অনেক ক্ষমতাশালী। রাজনীতির সর্বব্যাপী প্রভাব তুলে ধরে স্পিকার বলেন, গ্রামাঞ্চলের ছোটখাটো রাজনৈতিক কর্মীরাও অনেক কিছু করতে পারেন। তারা মানুষের উপকার যেমন করতে পারেন, তেমনি ক্ষতিও করতে পারেন। রাজনীতি এখন সর্বগ্রাসী। তাই রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।রাজনীতিবিদদের আত্ম কেন্দ্রিকতার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ-পদবি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার পর অনেকেই কীভাবে নিজের সুবিধা বাড়ানো যায়, তা নিয়েই ব্যস্ত থাকেন। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের আগ্রহ ও আন্তরিকতা সব সময় দেখা যায় না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তিনি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও মানুষের আত্মদানের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। দুই বছর আগেও দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি হতাশ ছিলেন। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষের শক্তি নতুন করে উপলব্ধি করেছেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের সাধারণ মানুষের অন্তর্নিহিত শক্তি ও জনতার ক্ষমতা প্রত্যক্ষ করেছেন তিনি। তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা অল্প সময়ের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এটি ছিল জনগণের শক্তির বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো আন্দোলনের কৃতিত্ব দাবি করলেও সাধারণ মানুষ রাজপথে না নামলে তৎকালীন ক্ষমতাসীনদের বিদায় করা সম্ভব হতো না। জনগণের এই শক্তিই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।সমাজের বিদ্যমান অসংগতিগুলোও একসময় দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তিনি বলেন, জাতি জেগে উঠেছে। ফলে সমাজে বর্তমানে যেসব অসংগতি রয়েছে, সেগুলো স্থায়ী হবে না বলে তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন।