ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

হামের তাণ্ডব থামছেই না, আরও ৪ শিশুর মৃত্যু

  • আপডেট: Sunday, July 19, 2026 - 12:03 pm
  • পঠিত হয়েছে: 6 বার

টাচ নিউজ:দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১ শিশুর মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৩ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে এবং ৯৩৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩২ হাজার ৭৯ শিশুর মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত এবং বাকি ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬ হাজার ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে সর্বোচ্চ ৩৪৬ জন নতুন উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ৪৯ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে।