ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম

অননুমোদিত হজ প্যাকেজে সতর্কতা, ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

  • আপডেট: Thursday, June 25, 2026 - 11:23 am
  • পঠিত হয়েছে: 4 বার

টাচ নিউজ:সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনুমোদনবিহীন হজ প্যাকেজ, গ্রুপ বা কাফেলার প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য হজে গমনেচ্ছুদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সরকার অনুমোদিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ ও কাফেলা আকর্ষণীয় হজ প্যাকেজের প্রচারণা চালিয়ে হজে আগ্রহীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হজ কার্যক্রম পরিচালনার অনুমতি নেই।ধর্ম মন্ত্রণালয় জানায়, অনুমোদনহীন কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজে যাওয়ার সুযোগ নেই। তাই প্রতারণা এড়াতে হজ-সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেন কেবল সরকার অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই প্রকাশ করা হবে। হজে গমনেচ্ছুদের সরকার ঘোষিত প্যাকেজ ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সচেতন থাকার পাশাপাশি যেকোনো প্রলোভনমূলক বা সন্দেহজনক প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।