পাউবোতে জুনিয়রদের পদোন্নতি নিয়ে বিতর্ক, আদালতের স্থগিতাদেশ উপেক্ষার অভিযোগ
টাচ নিউজ:বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) পদোন্নতি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আদালতে বিচারাধীন একটি বিষয়কে কেন্দ্র করে সিনিয়র কর্মকর্তাকে বাদ দিয়ে তিন জুনিয়র কর্মকর্তাকে চলতি দায়িত্ব ও পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) মো. রাফিউস সাজ্জাদের বিরুদ্ধে চলমান একটি বিভাগীয় মামলাকে কেন্দ্র করে পদোন্নতি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতের শরণাপন্ন হলে হাইকোর্ট অধিকতর তদন্তের নির্দেশনা ছয় মাসের জন্য স্থগিত করেন। রিটকারী পক্ষের দাবি, আদালতের ওই আদেশের পর বিভাগীয় মামলাটি আইন অনুযায়ী নিষ্পত্তি করে পদোন্নতির বিষয়টি বিবেচনা করা সম্ভব ছিল। কিন্তু তা না করে রাফিউস সাজ্জাদের জুনিয়র তিন কর্মকর্তা—মো. রূহুল আমিন, মো. মুখলেসুর রহমান ও মো. শাহজাহান সিরাজকে অতিরিক্ত মহাপরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।এ ঘটনায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত ৯ জুন সংশ্লিষ্ট বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন বলে জানা গেছে। তবে অভিযোগ রয়েছে, ওই নির্দেশনার পরও মামলাটি নিষ্পত্তি না করে জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।
রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাপস কুমার বিশ্বাস দাবি করেন, আদালতের নির্দেশনা অমান্যের কারণে পাউবোর মহাপরিচালক মো. এনায়েত উল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তিন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সারসংক্ষেপ পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানোর অভিযোগও তোলা হয়েছে। অন্যদিকে পাউবোর একটি সূত্র দাবি করেছে, পদোন্নতি প্রক্রিয়াকে ঘিরে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীন তদন্ত বা আনুষ্ঠানিক প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পাউবোর মহাপরিচালক মো. এনায়েত উল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এ ঘটনায় প্রশাসনিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থানের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।











