ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ৬:৩১ অপরাহ্ন

শিরোনাম

সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি

  • আপডেট: Sunday, September 20, 2026 - 12:10 pm
  • পঠিত হয়েছে: 4 বার

টাচ নিউজ:বাংলাদেশের সঙ্গে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বাংলাদেশ-ইতালি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত। সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আগামী দিনে দুই দেশের এ সম্পর্ক আরও বিস্তৃত ও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘১৯৭২ সালে ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সূচনা হয়।’ স্পিকার বাংলাদেশি অভিবাসীদের প্রতি ইতালির সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্য। বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও আইনসম্মত অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে ইতালির সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি।

সংসদীয় গণতন্ত্র ও দ্বিপক্ষীয় সম্পর্ক:

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের পথে আবারও যাত্রা শুরু করেছে। সংসদীয় গণতন্ত্রের বিস্তারের ফলে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইতালির প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও কৌশলগতভাবে বিস্তৃত হবে।

রোহিঙ্গা সহায়তার প্রশংসা:

রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও পুনর্বাসনে বাংলাদেশকে ইতালির আর্থিক সহযোগিতারও প্রশংসা করেন স্পিকার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং এ ক্ষেত্রে ইতালির সহায়তা গুরুত্বপূর্ণ।

প্রতিরক্ষা সরঞ্জাম ও বাণিজ্যিক সম্পর্ক:

ইতালিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে ইতালির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ ছাড়া ইতালির বিভিন্ন ধরনের মেশিনারি ও যন্ত্রপাতি বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে ভবিষ্যতে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলেও আলোচনায় উঠে আসে।

সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে আগ্রহ ইতালির:

সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশ ইতালির পুরনো বন্ধু। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতালি সরকার সবসময় দৃঢ় সমর্থন দিয়ে আসছে। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ-ইতালি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও শক্তিশালী করতে ইতালি আগ্রহী। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকপণ্য ইতালিতে রপ্তানি করে। এসব পণ্যের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

তেল-গ্যাস অনুসন্ধানে সহযোগিতার আলোচনা:

বৈঠকে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং কূপ খননের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসের মজুত অনুসন্ধান ও উত্তোলনে ইতালির কোম্পানিগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ছাড়া বৈঠকে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং চলমান রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে ইতালির দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনবি