ঢাকা | নভেম্বর ১৯, ২০২৬ - ৬:২৩ অপরাহ্ন

শিরোনাম

আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে ১১ দল

  • আপডেট: Thursday, November 19, 2026 - 12:10 pm
  • পঠিত হয়েছে: 3 বার

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জোটের নেতারা জানান, দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে।ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের পরিচয় নতুন করে জনগণের সামনে তুলে ধরছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা রুখতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।

মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়বে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছিল ওই ঐক্যের অন্যতম ভিত্তি। কিন্তু গণভোটের রায় কার্যকর না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতি নিশ্চিত করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে জনগণকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।নৈরাজ্য সৃষ্টিকারীরা জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে জাতিকে পরাস্ত করতে পারবে না উল্লেখ করে মামুনুল হক বলেন, ১১ দল এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারের প্রতি এবং অগ্নিসংযোগে বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভুক্তভোগীদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করা হয়।সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান। পাশাপাশি জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মামুনুল হক বলেন, ‘১১ দল রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’ব্রিফিংয়ে জোটের নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের প্রধান দায়িত্ব। তবে এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, সরকারের দুর্বল পদক্ষেপ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।

নেতারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং দেশের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সচেতন। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

তাদের মতে, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; বরং জনগণের নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন তারা।বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের নেতারা পুনর্ব্যক্ত করেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে দেশের সব ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা মোকাবিলা করবেন তারা।