প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নব উদ্যোগ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দের প্রতিবাদ
টাচ নিউজ: গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে “নব উদ্যোগ ব্যবসায়ী সমবায় সমিতির অডিট নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে নব উদ্যোগ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নিরীক্ষা কার্যক্রম, নিরীক্ষক নিয়োগ, দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান এবং সমিতির বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে যেসব বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা যথাযথ তথ্য-উপাত্ত আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। বিশেষ করে নিরীক্ষক নিয়োগের প্রক্রিয়া, সরকারি দাপ্তরিক পত্র ইস্যু, পত্র গ্রহণ এবং সংশোধিত পত্রের সময়কাল নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়েছে, তা প্রকৃত ঘটনা ও দাপ্তরিক প্রক্রিয়া যথাযথভাবে যাচাই না করেই প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করি। একাধিক সূত্রে জানা গিয়েছে, সমিতির কতিপয় প্রতিহিংসাপরায়ণ এবং দুষ্টমনা ব্যক্তি কতিপয় অফিসারের সহযোগীতায় বর্তমান ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে সমিতির অগ্রগতিকে থামিয়ে দিয়ে সমিতিটিকে ধ্বংসের উদ্দেশ্যে এবং বর্তমান ব্যবস্থাপনা কমিটি যাতে যথাযথ সময়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান আয়োজন না করতে পারে সেই প্রচেষ্টারই অংশ। ইতোমধ্যে বিগত ০১/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখের ঘোষিত বার্ষিক সাধারণ সভা ২০২৬ ‘ একটি বিশেষ মহলের অপচেষ্টায় স্থগিত হয়।
এ ছাড়া সমিতির বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে জমি ক্রয়কে কেন্দ্র করে আর্থিক অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তাও সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। সমিতির আর্থিক কার্যক্রম এবং নিরীক্ষা সংক্রান্ত বিষয়াবলি সংশ্লিষ্ট নথিপত্র, হিসাব-নিকাশ ও প্রযোজ্য বিধিবিধানের আলোকে যাচাইযোগ্য। কোনো প্রমাণিত তথ্য ছাড়া এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশ করা অনভিপ্রেত। আমাদের আশঙ্কা, প্রকাশিত সংবাদটি প্রকৃত তথ্য অনুসন্ধানের পরিবর্তে বিশেষ কোনো পক্ষের স্বার্থ হাসিল এবং সমিতির সুনাম, বর্তমান ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়ে থাকতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং যথাযথ তথ্য যাচাই করার অনুরোধ জানাচ্ছি। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে। প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে সমিতি প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের অধিকার সংরক্ষণ করছে।
প্রতিবাদকারী পক্ষ:
নব উদ্যোগ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডর সদস্যবৃন্দ।











