ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ৬:১৭ অপরাহ্ন

শিরোনাম

টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

  • আপডেট: Sunday, October 11, 2026 - 11:24 am
  • পঠিত হয়েছে: 3 বার
ক্রীয়া প্রতিবেদক:বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে দেশের ক্রিকেটে অনন্য এক কীর্তি গড়েছেন এই ডানহাতি পেসার। এক ওভারেই আফগানিস্তানের লোয়ার মিডল অর্ডারকে ধসিয়ে দেন হাসান। মাত্র তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাঁর এই দুর্দান্ত সাফল্যে অল্প সময়ের ব্যবধানে আফগানিস্তানের চারটি উইকেট হারানোর ঘটনা ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করে। হাসানের হ্যাটট্রিকের শুরু ইসমাত আলমকে দিয়ে। দুর্দান্ত এক ইনসুইঙ্গারে তাঁকে বোল্ড করেন বাংলাদেশের এই পেসার। পরের বলেই আউটসুইঙ্গারে পরাস্ত করেন কাইস আহমেদকে। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে। দারুণ ক্যাচ নিয়ে সতীর্থকে উচ্ছ্বাসের উপলক্ষ এনে দেন লিটন। এরপর হ্যাটট্রিকের অপেক্ষা। নতুন ব্যাটার জিয়া আকবরকে ভেতরে ঢোকা বলে পরাস্ত করেন হাসান। বলটি তাঁর প্যাডে আঘাত করলে আম্পায়ার প্রথমে আউট দেননি। পরে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বলের পিচিং, ইমপ্যাক্ট ও উইকেটে আঘাত—সব ক্ষেত্রেই সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যায়। তাতেই নিশ্চিত হয় হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এর আগে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন আরও দুজন। ২০০৩ সালে অলক কাপালি প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন। এরপর ২০১৩ সালে সেই তালিকায় নাম লেখান সোহাগ গাজী। তবে তাঁদের কেউই পেসার ছিলেন না। এবার হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।

আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নতুন বলের কার্যকারিতা নিয়ে আশাবাদ জানিয়েছিলেন। নতুন বল হাতে পেলে বাংলাদেশ ম্যাচে ফিরতে পারে—এমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে হাসান মাহমুদ যেভাবে এক ওভারে আফগান ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিলেন, তা ছিল প্রত্যাশারও বাইরে। এই হ্যাটট্রিক শুধু হাসান মাহমুদের ব্যক্তিগত অর্জন নয়; বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসেও এটি স্মরণীয় হয়ে থাকবে। দেশের পেসারদের জন্য নতুন মাইলফলক গড়ে দিয়ে নিজের নাম ইতিহাসের পাতায় লিখে রাখলেন হাসান।