পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
টাচ নিউজ:ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ওই কমিটিতে ভারতের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য দেশটির কাছে প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা—যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান স্পষ্ট এবং কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা পাওয়ার দাবির পক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক আইনগত ভিত্তি এবং জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রাখা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের জন্য বাংলাদেশ কাজ করছে। প্রস্তাবিত ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে এবং তাদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ‘পানি কূটনীতিক’ হিসেবে প্রস্তুত করার প্রয়োজন রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানির ন্যায্য হিস্যা আদায় শুধু দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার বিষয় নয়; এর সঙ্গে আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ও জড়িত। তাই এসব ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবে। সেমিনারে পানি ব্যবস্থাপনা, ন্যায্য বণ্টন, পানি কূটনীতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা হয়।











