ছেলেকে নিয়ে পরীমনির জলকেলি
বিনোদন প্রতিবেদক:তারকা জীবনের ব্যস্ততা, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিংবা রুপালি পর্দার ঝলমলে উপস্থিতি—সবকিছুর বাইরে পরীমনির কাছে সবচেয়ে আপন তার সন্তানরা। কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে কাটানো সময়ই যেন তার স্বস্তির জায়গা। এবার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে আনন্দঘন সময় কাটানোর মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে দেখা যায়, নীল জলে ছেলেকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন তিনি। কখনো পূণ্যর সঙ্গে খেলায় মশগুল, আবার কখনো তাকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী। মা-ছেলের এমন স্বতঃস্ফূর্ত মুহূর্ত ইতোমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলো প্রকাশের পর পরীমনির অনুসারীরা নানা মন্তব্যে ভালোবাসা জানিয়েছেন। অনেকেই মা-ছেলের সুন্দর সময়ের প্রশংসা করেছেন। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা থাকলেও সন্তানদের সঙ্গে পরীমনির এমন মুহূর্তগুলো বরাবরই আলাদা আবেগ তৈরি করে।শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। তবে এসবের বাইরে সন্তানদের ঘিরেই নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন তিনি।
বড় ছেলে পূণ্যর পাশাপাশি কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম ও আরেক পুত্রসন্তানকে ঘিরে এখন তার পারিবারিক ব্যস্ততা।অভিনয় ও তারকাখ্যাতির কারণে পরীমনি সবসময়ই আলোচনায় থাকেন। তবে পর্দার বাইরের জীবনে সন্তানদের সঙ্গে তার সম্পর্কের নানা মুহূর্তে সামনে আসে ভিন্ন এক পরীমনি—যেখানে তারকা পরিচয়ের চেয়ে মায়ের পরিচয়টাই যেন সবচেয়ে বড়।











