মেগা প্রকল্পে অনিয়মের আলামত মিললেই তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
টাচ নিউজ: দেশের বিভিন্ন মেগা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তদন্ত প্রতিবেদন সরকারের হাতে পাওয়ার পর সুপারিশ ও পরামর্শ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বিগত সরকারের ১৬ বছরে নেওয়া বিভিন্ন মেগা প্রকল্পে ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিপুল পরিমাণ ঋণের অর্থে বাস্তবায়ন করা এসব প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বাড়ানো নিয়েও জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, ওই সময়ে জনগণের মধ্যে ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি’—এমন একটি ধারণা তৈরি হয়েছিল। এসব প্রকল্পে অতিরঞ্জিত ব্যয় ও অনিয়মের বিষয়ে বর্তমান সরকার কোনো তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কি না, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান তিনি। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মেগা প্রকল্পের বিষয়ে নানা তথ্য সরকারের নজরে এসেছে। যেসব প্রকল্পে অনিয়ম কিংবা দুর্নীতির আলামত পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে তদন্তের আওতায় আনা হয়েছে। তিনি জানান, কয়েকটি মেগা প্রকল্পের তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকারের সুপারিশ ও পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, তদন্তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হলো মেগা প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।











