চায়না অর্থনৈতিক অঞ্চল বদলে দেবে চট্টগ্রামের অর্থনীতি: অর্থমন্ত্রী
টাচ নিউজ: চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) ঘিরে বড় ধরনের বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শেষ পর্যন্ত এখানে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ অর্থনৈতিক অঞ্চল শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে। সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। চায়না অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘আমরা এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছি। এ অর্থনৈতিক অঞ্চলে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’ অর্থমন্ত্রী জানান, বর্তমানে এ প্রকল্পে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হচ্ছে। তবে অবকাঠামোসহ সব ধরনের বিনিয়োগ মিলিয়ে শেষ পর্যন্ত এ অঞ্চলে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে।
আনোয়ারার বাইরেও পড়বে প্রভাব: অর্থমন্ত্রী বলেন, চায়না অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পুরো চট্টগ্রামের অর্থনীতিতে পড়বে। এখানে শিল্পকারখানার পাশাপাশি শক্তিশালী সাপ্লাই চেইন, পরিবহন, লজিস্টিকস ও বিভিন্ন সেবাখাত গড়ে উঠবে। কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও তৈরি হবে।তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে আবাসন, পরিবহন, লজিস্টিকস ও সেবাখাতের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতি আসবে।
চীনা বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আসার আহ্বান: বাংলাদেশের পুঁজিবাজার পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এসব প্রকল্পে বাংলাদেশিদের অংশীদারিত্বের সুযোগও তৈরি হবে। উচ্চ সুদের ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে ঊর্ধ্বমুখী এবং ভালো করছে।
আনোয়ারায় দক্ষতা উন্নয়ন কেন্দ্রের প্রস্তাব: চায়না অর্থনৈতিক অঞ্চলে বিপুলসংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন হবে উল্লেখ করে চীনের সহযোগিতায় আনোয়ারা বা চট্টগ্রামে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তিনি চীনের রাষ্ট্রদূতকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আমির খসরু বলেন, দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে উঠলে চীনা ও স্থানীয়—উভয় ধরনের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রশিক্ষিত কর্মীরা সুবিধা পাবেন। তিনি বলেন, চীনে বড়, মাঝারি ও ছোট পর্যায়ে অনেক দক্ষতা উন্নয়ন কেন্দ্র রয়েছে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে এ ধরনের একটি কেন্দ্র স্থাপনও গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে। অর্থমন্ত্রীর মতে, চায়না অর্থনৈতিক অঞ্চল ঘিরে শিল্পায়ন, বিনিয়োগ ও দক্ষ জনবল তৈরির উদ্যোগ একসঙ্গে এগিয়ে নেওয়া গেলে চট্টগ্রামসহ দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে।











