আবারও গ্রেফতার রিজেন্ট সাহেদ, ওয়ারেন্টভুক্ত মামলায় পুলিশের অভিযান
টাচ নিউজ: করোনাকালে ভুয়া করোনা রিপোর্ট, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিম ওরফে সাহেদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান এবং রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ব্যাপক আলোচনায় আসেন সাহেদ। ওই বছরের ৭ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল করোনা রিপোর্ট জব্দ করে। পরে র্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে। একই বছরের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রও উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে একাধিক মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের এক মামলায় আদালত সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
সর্বশেষ গ্রেফতারের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন এক সময়ের বহুল আলোচিত এই প্রতারক ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











