ঢাকা | জুলাই ২০, ২০২৬ - ৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম

ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়া হলো জিয়া হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফরকে

  • আপডেট: Monday, July 20, 2026 - 12:53 pm
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর হোসেনকে বিশেষ নিরাপত্তায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে আনা হয়েছে। রোববার রাতে সামরিক বাহিনীর বিমানে মিলিটারি পুলিশ (এমপি) ও আর্মি সিকিউরিটি ইউনিটের (এএসইউ) তত্ত্বাবধানে তাকে ঢাকায় আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টে তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। তবে জিজ্ঞাসাবাদ কেবল সেনাবাহিনী করবে, নাকি অন্য সংস্থার সমন্বয়ে কোনো টাস্কফোর্স গঠন করা হবে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে গত শুক্রবার তাকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে নেওয়া হয়েছিল। কারণ, ১৯৮১ সালে চট্টগ্রামেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার সামরিক বিচার কার্যক্রম পরিচালিত হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত বুধবার রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মেজর মোজাফফরকে গ্রেপ্তার করে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সামরিক আদালতে বিচার শেষে কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা ঘোষণা করা হয়। মেজর মোজাফফর হোসেন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী সামরিক ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।