দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের নৈতিক দায়িত্ব: ডা. শফিকুর রহমান
টাচ নিউজ:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। শনিবার (১৮ জুলাই) সকালে বরিশালে বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জনসেবাই রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। মানবিকতা, ন্যায়বিচার ও মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি। তাই মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পথসভায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ড. ফয়জুল হক, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম মৃধা, কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা এনামুল হক, ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম, মাদারীপুর জেলা শিবিরের সাবেক সভাপতি মেজবা উদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা পথসভায় অংশ নেন। বরিশালের বিভাগীয় সমাবেশে যোগদানের পথে আয়োজিত এ পথসভাকে কেন্দ্র করে মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।











