বিশ্বকাপ ফাইনালে হাফটাইম মাত্র ১৭ মিনিট, থাকছে ১১ মিনিটের মেগা শো
স্পোর্টস ডেস্ক:২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইকে ঘিরে হাফটাইম বিরতির সময় নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে হাফটাইম বিরতি হবে মোট ১৭ মিনিট। ফুটবলের প্রচলিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে এবার যোগ হচ্ছে অতিরিক্ত মাত্র দুই মিনিট। ইতোমধ্যে ফিফা এ সিদ্ধান্ত স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ফাইনালের বিরতি ২৫ বা ৩০ মিনিট হতে পারে—এমন গুঞ্জন কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত তা সত্য হয়নি। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মিনিটের বিরতির মধ্যে ১১ মিনিটজুড়ে অনুষ্ঠিত হবে জমকালো হাফটাইম শো। এই আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। এছাড়া ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে রবি উইলিয়ামস, টম ক্রুজ, নিকোল শেরজিঙ্গারসহ হলিউডের আরও কয়েকজন তারকার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। হাফটাইমের বাকি প্রায় ছয় মিনিটে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের পাশাপাশি মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখার কাজ সম্পন্ন করা হবে। এ কারণে পুরো আয়োজনকে সময়ের মধ্যে শেষ করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে ফিফা।
মেটলাইফ স্টেডিয়ামের ঘাস নিয়ে আগের কয়েকটি ম্যাচে অভিযোগ ওঠার পর এবার মাঠের মান ধরে রাখার বিষয়েও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে, ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে বিশ্বকাপে চালু থাকা হাইড্রেশন ব্রেকের নিয়ম ফাইনালেও বহাল থাকবে। ফলে ম্যাচের দুই অর্ধে একটি করে মোট দুটি পানি পানের বিরতি থাকবে। ফিফার মতে, সংক্ষিপ্ত বিরতির মধ্যেই দর্শকদের বিশ্বমানের বিনোদন উপহার দেওয়ার পাশাপাশি ম্যাচের গতি ও প্রতিযোগিতার ছন্দও অক্ষুণ্ন রাখা হবে।











