মাত্র ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক: জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি।
সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজ মৌসুম থেকেই হজযাত্রী পরিবহন কার্যক্রমে অংশ নিতে চায় ইউএস-বাংলা।
চিঠিতে এয়ারলাইন্সটি জানায়, বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানদের কম খরচে হজ পালনের সুযোগ করে দিতেই তারা এই উদ্যোগ নিয়েছে। হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত পূরণ করে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় সেবা দিতে আগ্রহী বলে জানানো হয়েছে। তবে এই ভাড়ার সঙ্গে ট্যাক্স, অন্যান্য চার্জ ও এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়।
চলতি বছর হজযাত্রীদের জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ফলে ইউএস-বাংলার প্রস্তাব বাস্তবায়িত হলে বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয় হতে পারে, যা সামগ্রিক হজ প্যাকেজের খরচও কমিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এবং দেশটির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস।
হজ এজেন্সির সংশ্লিষ্টদের মতে, ইউএস-বাংলার অন্তর্ভুক্তি হলে হজযাত্রী পরিবহনে প্রতিযোগিতা বাড়বে। এর ফলে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি বিমান ভাড়াও কমতে পারে।
এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ হজ-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে।










