ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপানোর পর এবার ঢাকায় গাইবেন সঞ্জয়

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 12:41 pm
  • পঠিত হয়েছে: 2 বার

বিনোদন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব এবার পারফর্ম করতে যাচ্ছেন দেশের মঞ্চে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে আগামী ১৯ জুলাই দর্শকদের মাতাবেন তিনি।

বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়ের পরিবেশনা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তার পোশাকেও ফুটে উঠেছিল বাংলাদেশের পরিচয়। মেরুন রঙের স্যুটে ছিল রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের প্রতীক। সেই পরিবেশনার পর এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

ছয় দিনব্যাপী ফ্যান ফেস্ট

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত হবে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’। ম্যাচের লাইভ সম্প্রচারের পাশাপাশি প্রতিদিন থাকবে কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা বিনোদনমূলক আয়োজন।

সমাপনী দিনে ফাইনাল ম্যাচ শুরুর আগে মঞ্চে উঠবেন সঞ্জয় দেব। তার সঙ্গে বিশেষ ডিজে পারফরম্যান্সে থাকবেন ডিজে জুডু।

প্রতিদিন থাকছে ভিন্ন আয়োজন

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, প্রতিদিনই থাকছে ভিন্ন ভিন্ন শিল্পীর পরিবেশনা।

১৪ জুলাই: ফিরোজ জং ও ডিজে সুমন
১৫ জুলাই: ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়
১৬ জুলাই: তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী
১৭ জুলাই: মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা
১৮ জুলাই: ডিজে সানী
১৯  জুলাই:সঞ্জয় দেব ও ডিজে জুডু

সঞ্জয়ের সংগীতযাত্রা

বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক, ডিজে ও সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন।

তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ এবং জেফারসহ উপমহাদেশের বহু জনপ্রিয় শিল্পী।

টিকিটের মূল্য

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিট টুমরো-তে ফ্যান ফেস্ট ২.০-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

প্রথম দুই দিনের টিকিট: ৫০০ টাকা
পরের তিন দিনের টিকিট: ৩০০ টাকা
ফাইনাল (১৯ জুলাই): ৭০০ টাকা

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে আয়োজন।