দুটি জমজমাট সেমিফাইনালের জন্য প্রস্তুত বিশ্বকাপ
টাচ নিউজ:সম্প্রসারিত ৪৮ দলের বিশ্বকাপ শুরুর এক মাস পর টুর্নামেন্ট এখন পৌঁছে গেছে সেমিফাইনাল পর্বে। মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর পরদিন বুধবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে। শেষ চারের টিকিট নিশ্চিত করা সর্বশেষ দল ছিল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নেতৃত্বে তারা শনিবার রাতে কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। আর্জেন্টিনা টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলছে। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল এই কীর্তি গড়তে পারেনি। এবার সেমিফাইনালে তাদের গন্তব্য আটলান্টা, যেখানে জুড বেলিংহাম ও হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। শনিবার মিয়ামিতে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারানোর ম্যাচে দলের নায়ক ছিলেন বেলিংহাম, যিনি দুটি গোলই করেন। এটি বিশ্বকাপে ইংল্যান্ডের চতুর্থ সেমিফাইনাল (১৯৬৬, ১৯৯০, ২০১৮ এবং ২০২৬)। আগের দুই সেমিফাইনালেই তারা হেরেছে। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের আগের ছয়টি সেমিফাইনালেই জয় পেয়েছে।
বুধবারের এই ম্যাচটি হবে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের ঠিক ৪০ বছর পর। সেবার আজতেকা স্টেডিয়ামে দিয়েগো ম্যারাডোনার দুটি গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জিতেছিল। ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে বিবেচিত লিওনেল মেসির এটি হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে ২০৬তম ম্যাচ, তবে ইংল্যান্ডের বিপক্ষে এটিই হবে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ড্র এমনভাবে করা হয়েছিল, যাতে র্যাঙ্কিংয়ে শীর্ষ চার দল সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড- এই চার দলকে কার্যত আলাদা পথে রাখা হয়েছিল, তবে এক্ষেত্রে দলগুলোকে নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে হতো, যা তারা করেছে। ফলে মঙ্গলবার ডালাসের উপকণ্ঠ আর্লিংটনে ইউরো ২০২৪-এর সেমিফাইনালের পুনরাবৃত্তি হিসেবে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। সেবার স্পেন ২-১ ব্যবধানে জয় পেয়ে পরে শিরোপাও জিতেছিল। ম্যাচটিতে ১৭তম জন্মদিনের কয়েক দিন আগে দুর্দান্ত একটি গোল করেছিলেন স্প্যানিশ তরুন লামিন ইয়ামাল।
সেমিফাইনালে এগিয়ে যাবার পিছনে তার উপরই মূল ভরসা করছে স্পেন। অন্যদিকে ফ্রান্সের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ছন্দে আছেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালসহ তিনি এই বিশ্বকাপে ইতোমধ্যে আটটি গোল করেছেন।গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে বর্তমানে মেসির সমান গোল করেছেন এবং বিশ্বকাপে মেসির সর্বকালের ২১ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন। সূত্র : বাসস











