যে কারণে বিতর্কে শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’ সিনেমা
টাচ নিউজ:মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ঈথা’। মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিথাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত এই সিনেমার নাম পরিবর্তনের দাবি উঠেছে।ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধা কাপুরের নতুন লুক প্রশংসা পেলেও মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ এবং বিথাবাইয়ের পরিবারের সদস্যরা সিনেমাটির নাম ‘বিথাবাই’ রাখার দাবি জানিয়েছেন।এনসিপির মহারাষ্ট্র শাখার চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগের প্রধান বাবাসাহেব পাতিল বলেন, বিথাবাই শুধু একজন শিল্পী নন, তিনি মহারাষ্ট্রের লোকসংস্কৃতি, বিশেষ করে তামাশা ও লাবণী শিল্পের অন্যতম পথিকৃৎ। তাই তার জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নামও তার নামানুসারেই হওয়া উচিত। তাদের মতে, ‘ঈথা’ নামটি তার অবদান ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে না।
একই দাবি জানিয়েছেন বিথাবাইয়ের দুই ছেলে কৈলাশ ও রাজেশ নারায়ণগাঁওকর এবং নাতি মোহিত নারায়ণগাঁওকর। তাদের ভাষ্য, সিনেমার নাম ‘বিথাবাই’ রাখাই হবে এই কিংবদন্তি শিল্পীর প্রতি প্রকৃত সম্মান।এদিকে টিজারে বিথাবাইয়ের জীবনের একটি বহুল আলোচিত ঘটনাকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখা যায়, গর্ভবতী অবস্থায় মঞ্চে নৃত্য পরিবেশনের সময় প্রসববেদনা শুরু হলে তিনি সন্তান প্রসবের পর আবার মঞ্চে ফিরে নাচ সম্পন্ন করেন। তবে বাস্তব ঘটনা কিছুটা ভিন্ন ছিল বলে জানা গেছে। সে সময় দর্শকেরাই অনুষ্ঠান বন্ধ করে তাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছিলেন। নির্মাতাদের দাবি, দৃশ্যটি বিথাবাইয়ের অদম্য মানসিক শক্তি ও শিল্পের প্রতি নিবেদনকে প্রতীকীভাবে তুলে ধরার প্রয়াস।চলচ্চিত্রটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। ম্যাডক ফিল্মস প্রযোজিত সিনেমাটি আগামী ২৮ আগস্ট মুক্তির কথা রয়েছে। তবে নাম পরিবর্তনের দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পরিচালক লক্ষ্মণ উতেকর কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।










