ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৬:১৬ অপরাহ্ন

শিরোনাম

একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চান জামায়াতের প্রতি মির্জা ফখরুল

  • আপডেট: Monday, June 29, 2026 - 9:43 am
  • পঠিত হয়েছে: 6 বার

টাচ নিউজ:মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ভূমিকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো সময় আছে দলটির নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে বাংলাদেশ সম্পর্কে স্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরার। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবারও জাতির কাছে ক্ষমা চাননি। আপনাদের উচিত ছিল সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা। কিন্তু তা হয়নি। বরং আপনাদের নেতা প্রফেসর গোলাম আজম বলেছিলেন, ১৯৭১ সালে তারা কোনো ভুল করেননি।’তিনি বলেন, জামায়াত যদি অতীতের ভুল স্বীকার করে নেয়, তাহলে দেশের রাজনীতিতে তাদের পথ আরও সহজ হবে। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থানও জনগণের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়ে এনসিপিরও অবস্থান স্পষ্ট করা উচিত। আমরা চাই, নতুন প্রজন্মের রাজনীতিবিদরা এমন কোনো বিতর্ক বা কলঙ্ক বহন না করুক, যা দেশের স্বাধীনতার প্রশ্নে সংশয় সৃষ্টি করে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘২০০২ সালে চীন সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে তারেক রহমানকে বলেছিলেন—“Carry the flag of your father and mother।” সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের পতাকা নিয়েই চীন সফর করেছেন এবং সফলভাবেই দেশে ফিরেছেন।’ তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং সেই পথে বাংলাদেশের বিজয় অনিবার্য।