ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৫:০৮ অপরাহ্ন

শিরোনাম

কর্ণফুলী টানেলে আয় ৩ কোটি, ব্যয় প্রায় ৭ কোটি: সংসদে সড়কমন্ত্রী

  • আপডেট: Monday, June 29, 2026 - 9:47 am
  • পঠিত হয়েছে: 6 বার

টাচ নিউজ:চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে টোল বাবদ গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা আয় হলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে প্রায় দ্বিগুণ, ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রী জানান, টানেলের ভেতরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, লাইটিং, বায়ু চলাচল ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে পরিচালন ব্যয় তুলনামূলক বেশি। তবে সরকারের কৃচ্ছ্রসাধন নীতি ও সেতু কর্তৃপক্ষের উদ্যোগে দৈনিক পরিচালন ব্যয় ৩৭ লাখ টাকা থেকে কমিয়ে ২২-২৩ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে।তিনি বলেন, কর্ণফুলী টানেলকে লাভজনক করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

বিআরটি চালুর পরিকল্পনা:
সংরক্ষিত নারী আসনের সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীর যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার করিডোরে দেশের প্রথম বিআরটি দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে।

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, যেসব যানবাহনের ফিটনেসের মেয়াদ ১০ বছর আগে শেষ হয়েছে, সেগুলোর নিবন্ধন বাতিল ও সড়ক থেকে অপসারণ করা হচ্ছে। এছাড়া পাঁচ বছর ধরে নবায়ন না হওয়া যানবাহনের মালিকদের নোটিশ দেওয়া হচ্ছে এবং তালিকা পুলিশের কাছে পাঠানো হয়েছে।

গণপরিবহনে বসবে জিপিএস:
ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহাসড়কে বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে সব গণপরিবহনে জিপিএস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে গতিসীমা অতিক্রমকারী চালক ও মালিকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

দ্বিতীয় যমুনা সেতুর সমীক্ষা চলছে:
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ প্রকল্পের জন্য বগুড়া-জামালপুর, গাইবান্ধা-জামালপুরসহ তিনটি সম্ভাব্য রুট বিবেচনায় রয়েছে।

ব্যাটারিচালিত রিকশা ও রেলক্রসিংয়ে নতুন উদ্যোগ:
মন্ত্রী জানান, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নিবন্ধন বাধ্যতামূলক, চালকের লাইসেন্স এবং নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এদিকে রেলমন্ত্রী জানান, ঢাকার তিনটি লেভেল ক্রসিংয়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ব্যারিয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সফল হলে গুরুত্বপূর্ণ সব লেভেল ক্রসিংয়ে পর্যায়ক্রমে স্মার্ট গেট ও ক্যামেরা স্থাপন করা হবে।