ঢাকা | জুন ২১, ২০২৬ - ৭:৪২ অপরাহ্ন

শিরোনাম

দোহার-নবাবগঞ্জে উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: এমপি আবু আশফাক

  • আপডেট: Sunday, June 21, 2026 - 12:22 pm
  • পঠিত হয়েছে: 12 বার

নিজস্ব প্রতিবেদক- দোহার উপজেলা: ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’শনিবার (২০ জুন) দোহার উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সকালে সুতারপাড়া ইউনিয়নের পদ্মা বাইপাস নিকড়া-ডায়ারকুম সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন এমপি আবু আশফাক। পরে তিনি বানাঘাটা জাহিদ কমিশনারের বাড়ির রাস্তা, ঝনকি রানী বিল্ডিংসংলগ্ন সড়ক, নারিশা পশ্চিম চর সড়ক, লটাখোলা সিপিডিএন ও ঢাকা প্রজেক্ট এলাকার সড়ক, এসপি আনোয়ারের বাড়ির সামনের সড়ক, কার্তিকপুর ব্রিজসংলগ্ন সড়ক, চর কুশাই সড়ক এবং বাংলাবাজার সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এ ছাড়া দোহার পৌরসভা, সুতারপাড়া, নারিশা, বিলাসপুর, মাহমুদপুর ও কুসুমহাটি ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১১টি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।এমপি আবু আশফাক বলেন, ‘বিগত সরকারের আমলে দখল হওয়া খাল-বিল পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দোহার-নবাবগঞ্জের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে পাকা সড়ক নির্মাণ করা হবে, যাতে জনগণের যোগাযোগব্যবস্থা আরো উন্নত হয়।’তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে আমি যত প্রতিশ্রুতি দিয়েছি, সবই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। আগামী পাঁচ বছরে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।’তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে। উন্নত সড়ক যোগাযোগ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সঞ্চার করবে। একই সঙ্গে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।