ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম

মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি জামায়াত আমিরের

  • আপডেট: Saturday, October 3, 2026 - 11:11 am
  • পঠিত হয়েছে: 4 বার

টাচ নিউজ:বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘সাজানো’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান। জামায়াত আমিরের দাবি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার বাস্তব প্রমাণ পাওয়া গেছে। তার ভাষ্য, ওই ঘটনার পর ইতোমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান মূলত যাত্রী হয়রানি, প্রবাস থেকে দেশে ফেরা বাংলাদেশিদের প্রতি অবহেলা ও অন্যায় আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার বক্তব্যের ভাষা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে যে ঘটনার প্রতিবাদ তিনি করেছেন, তার ভুক্তভোগী ও প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীরা। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। মামলার অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে হুমকি দেওয়া এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে আখতারুজ্জামানের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, বিমানবন্দরের দীর্ঘদিনের অনিয়ম, যাত্রী হয়রানি ও কাঠামোগত অসংগতিকে আড়াল করতেই যদি মেজর (অব.) আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তা জাতির জন্য একটি বড় ধরনের ‘অশনি সংকেত’।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ও সচেতন জনগণ কোনো অবস্থাতেই এ ধরনের আচরণ মেনে নেবে না। একই সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান জামায়াত আমির।