ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, September 24, 2026 - 11:29 am
  • পঠিত হয়েছে: 4 বার

টাচ নিউজ:দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জনের শরীরে। এর মধ্যে ১ হাজার ১৮৩ জনের শরীরে হামের উপসর্গ এবং ১০০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ বা সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৫১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে এবং দুজন সিলেট বিভাগে মারা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮০ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে এ সময়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবেও বিপুলসংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় নতুন রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপর চট্টগ্রাম ও সিলেটেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪২ জন, সিলেট বিভাগে ১৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ১৩০ জন, খুলনা বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে নয়জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ১৮৩ জন এবং নিশ্চিত হাম রোগী ১০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮০ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাস ধরে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ হিসাবেও নতুন রোগী শনাক্ত এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।