জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস সিইওর বৈঠক
টাচ নিউজ:প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সময় বুধবার সকালে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এ তথ্য জানান। বৈঠকে দেশের স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত ও আধুনিক করার বিভিন্ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, স্বাস্থ্যসেবার সঙ্গে প্রযুক্তির সমন্বয় এবং প্রয়োজনীয় জনবল তৈরির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় হয়েছে। স্বাস্থ্য খাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশিক্ষিত কর্মীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশের দক্ষ জনবলের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় আসে।
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমন্বিত একটি ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জনস্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সহজলভ্য করার পরিকল্পনার অংশ হিসেবে বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি এবং সাশ্রয়ী ভ্যাকসিন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা বা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তৈরি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করার পরিকল্পনা তুলে ধরা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও গেটস ফাউন্ডেশনের সিইওর পাশাপাশি প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, এস এম জিয়াউদ্দিন হায়দার ও মাহদী আমিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এরই অংশ হিসেবে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো।










