কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা নয়: জামায়াত আমির
জেলা প্রতিনিধি, কুমিল্লা:
‘কুমিল্লা’ নামেই দ্রুত বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসী বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে আর কোনো টালবাহানা না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে। শনিবার কুমিল্লায় ছয় দফা দাবি আদায়ে আয়োজিত লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘সিলেট বিভাগ হওয়ার পর ১৯৯৪ সালে কুমিল্লাকে বিভাগ করার দাবি উঠেছিল। কুমিল্লাবাসীর অপরাধ কী? ১৯৯৪ সাল থেকে কুমিল্লাবাসী বিভাগের দাবি করে আসছে। তাই কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে।’ তিনি বলেন, কুমিল্লার মানুষ ঠিকমতো গ্যাস, বিদ্যুৎ ও পানি পাচ্ছেন কি না—এ প্রশ্ন এখন সামনে এসেছে। চাঁদাবাজি ছাড়া ব্যবসা করা যায় কি না এবং কুমিল্লায় দুর্নীতি আছে কি না, এসব বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। দুর্নীতি, চাঁদাবাজি ও জনদুর্ভোগের অবসানসহ ছয় দফা দাবি আদায়ের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘সমাধানের জন্যই আমরা রাস্তায় নেমেছি। জনগণের দাবির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সব দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
কুমিল্লার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো ব্যক্তির কারণে একটি জেলা বা অঞ্চলের মানুষের প্রতি বিরূপ মনোভাব দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো জেলা বা অঞ্চলের মানুষকে অবহেলা কিংবা অপমান করা হলে সেখানকার মানুষের মনে কষ্ট তৈরি হয়। কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, নিজের মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করা হলে কার্যকরভাবে কাজ করা কঠিন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দেন।
এ ছাড়া সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জামায়াতের মাওলানা আবদুল হালিম উল্লেখযোগ্য।











